দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরা সদর উপজেলার ইছাখাদা জোতপাড়া গ্রামে জমি দখলের চেষ্টা, গাছ কেটে ক্ষতিসাধন এবং প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন এক কৃষক। অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষ জমিটি নিজেদের দাবি করেছে।
রোববার (২৬ জুলাই) সকালে মাগুরা সদর উপজেলার ইছাখাদা জোতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী মো. আলম মিয়া (৫০) জানান, মাগুরা সদর উপজেলার ৭৩ নম্বর ইছাখাদা মৌজার হাল খতিয়ান নম্বর-২৪১ ও হাল দাগ নম্বর-৩২১-এর ৭৯ শতকসহ মোট ১ একর ৮৩ শতক জমির মালিক তিনি। দলিল অনুযায়ী বর্তমানে তিনি ৯১ দশমিক ৫০ শতক জমি ভোগদখলে রয়েছেন। এর মধ্যে দাগ নম্বর-৩২১-এর ৪২ শতক এবং দাগ নম্বর-২৮৯-এর ২০ শতক জমি দীর্ঘদিন ধরে তার দখলে রয়েছে।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, দলিল অনুযায়ী আরও ২৯ দশমিক ৫০ শতক জমি পাওয়ার অধিকার তার রয়েছে। তার দাবি, বাবা মৃত ইউনুচ মিয়া জীবিত অবস্থায় নিবন্ধিত দলিলের মাধ্যমে জমিগুলো তার নামে হস্তান্তর করেছিলেন।
অভিযোগে বলা হয়, একই গ্রামের রফিক মিয়া, সিরাজ মিয়া, চৌধুরী মিয়া ও রনি মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে জমি দখলের চেষ্টা করছেন। সর্বশেষ গত ২৫ জুলাই সন্ধ্যা প্রায় ৬টা ৫০ মিনিটে তারা জমিতে থাকা আম ও কলাগাছ কেটে ক্ষতিসাধনের চেষ্টা করেন। বাধা দিতে গেলে তাকে প্রাণনাশ ও খুন-জখমের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন আলম মিয়া।
আলম মিয়া বলেন, এ বিষয়ে এর আগেও থানায় অভিযোগ করা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। এতে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এ ঘটনায় মাগুরা সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগকারী সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সিরাজ মিয়া মোবাইল ফোনে বলেন, ‘জমিটি আমাদের। আমরা গাছ কেটেছি।’
তবে জমির মালিকানা, গাছ কাটার ঘটনা এবং উভয় পক্ষের দাবির সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। এ বিষয়ে তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএম/